বশিরুল আলম, আলমডাঙ্গা চুয়াডাঙ্গা থেকেঃ চুয়াডাঙ্গার কৃতী সন্তান, মাটি ও মানুষের গর্ব মোহা. সাহিদুজ্জামান টরিক (সিআইপি)-কে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। রেমিটেন্স ক্যাটাগরিতে অনন্য ও গুরুত্বপূর্ণ অবদান রাখায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক সিআইপি (Commercially Important Person) সম্মাননা অর্জন করায় আলমডাঙ্গা বণিক সমিতির উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) রাত ৮টায় আলমডাঙ্গা শহরের জিস টাওয়ারে অনুষ্ঠিত এই গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি মো. আরেফিন মিঞা (মিলন)। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসে থেকেও মোহা. সাহিদুজ্জামান টরিক দেশের অর্থনীতিতে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তা শুধু আলমডাঙ্গা বা চুয়াডাঙ্গার জন্য নয়, বরং সমগ্র বাংলাদেশের জন্য গর্বের বিষয়। রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির মাধ্যমে তিনি জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বক্তারা আরও বলেন, সাহিদুজ্জামান টরিকের এই সাফল্য নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত। সততা, পরিশ্রম ও দেশপ্রেম থাকলে প্রবাস জীবন থেকেও দেশের জন্য বড় অবদান রাখা সম্ভব—তিনি তার বাস্তব উদাহরণ। সংবর্ধিত অতিথি মোহা. সাহিদুজ্জামান টরিক অনুভূতি প্রকাশ করে বলেন, “এই সম্মাননা আমার ব্যক্তিগত অর্জন নয়; এটি আমার জন্মভূমি আলমডাঙ্গা ও চুয়াডাঙ্গার মানুষের ভালোবাসার প্রতিফলন। আমি আজীবন দেশের মানুষের পাশে থাকতে চাই এবং দেশের অর্থনীতিতে অবদান রাখার চেষ্টা চালিয়ে যাব।” অনুষ্ঠানে আলমডাঙ্গা বণিক সমিতির নেতৃবৃন্দ, ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সুধীজন উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও আবেগঘন মুহূর্ত।