প্রকাশ :: ... | ... | ...

তেলজাতীয় ফসল উৎপাদনে নতুন উদ্যম আলমডাঙ্গায় বারি সরিষা-১৪ এর মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত।


সংযুক্ত ছবি
বশিরুল আলম,আলমডাঙ্গা, (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকে : “কৃষিই সমৃদ্ধি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৫-২০২৬ অর্থবছরে তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প-এর আওতায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) বিকেলে আলমডাঙ্গা উপজেলার নতিডাঙ্গা ব্লকের বাড়াদী ইউনিয়নে বারি সরিষা-১৪ জাতের প্রদর্শনী মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে এলাকার কৃষক-কৃষাণী, উপসহকারী কৃষি কর্মকর্তা এবং কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোঃ মাসুদুর রহমান সরকার এবং জেলা বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ মোঃ নূরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিটরিং অফিসার কৃষিবিদ মোঃ হাসান আলী, বাড়াদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুদ পারভেজ, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মোঃ বশিরুল আলম, সিনিয়র সাংবাদিক রহমান মুকুল, আলমডাঙ্গা প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সম্পাদক মীর ফাহিম ফয়সাল, সাংগঠনিক সম্পাদক জাফর জুয়েল এবং উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম রোকন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মাসুদ হোসেন পলাশ। আলোচনায় বক্তারা বলেন, দেশের ক্রমবর্ধমান ভোজ্যতেলের চাহিদা পূরণ এবং আমদানি নির্ভরতা কমাতে তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির কোনো বিকল্প নেই। তারা জানান, বারি সরিষা-১৪ একটি স্বল্পমেয়াদি, উচ্চ ফলনশীল ও রোগবালাই সহনশীল জাত হওয়ায় কৃষকদের মধ্যে এর ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “উপযুক্ত জাত নির্বাচন, আধুনিক চাষাবাদ পদ্ধতি অনুসরণ এবং সময়মতো কৃষি পরামর্শ গ্রহণ করলে সরিষা চাষে কৃষকরা সহজেই লাভবান হতে পারবেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাঠপর্যায়ে কৃষকদের সর্বাত্মক সহায়তা প্রদান করে যাচ্ছে।” কারিগরি আলোচনায় সরিষা চাষের আধুনিক প্রযুক্তি, সার ব্যবস্থাপনা, রোগবালাই দমন ও ফলন বৃদ্ধির কার্যকর কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি প্রদর্শনী মাঠ পরিদর্শনের মাধ্যমে কৃষকদের বাস্তব অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হয়। অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী কৃষকরা এ ধরনের মাঠভিত্তিক কার্যক্রম নিয়মিত আয়োজনের দাবি জানান এবং তেলজাতীয় ফসল চাষে আরও আগ্রহ প্রকাশ করেন। উল্লেখ্য, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা-এর আয়োজনে অনুষ্ঠিত এ মাঠ দিবস কৃষকদের মাঝে নতুন আশা ও উদ্দীপনার সঞ্চার করেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।