বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকে: বাংলাদেশের ক্লাব ফুটবলের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় প্রতিষ্ঠান ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব-এর পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন চুয়াডাঙ্গার কৃতি সন্তান, বিশিষ্ট শিল্পোদ্যোক্তা ও সংগঠক জনাব মাহমুদ হাসান খান বাবু। তিনি বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)-এর সভাপতি এবং জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), চুয়াডাঙ্গার সঙ্গে সম্পৃক্ত একজন সুপরিচিত ব্যক্তিত্ব। বাংলাদেশের ফুটবল ইতিহাসে মোহামেডান স্পোর্টিং ক্লাব একটি গৌরবময় নাম। দেশের ফুটবল ঐতিহ্য, সাফল্য ও সমর্থকদের আবেগের সঙ্গে জড়িয়ে আছে এই ক্লাবটির দীর্ঘ পথচলা। সেই ঐতিহ্যবাহী ক্লাবের পরিচালনা পর্ষদে চুয়াডাঙ্গার সন্তান মাহমুদ হাসান খান বাবুর অন্তর্ভুক্তি জেলার মানুষের জন্য গর্ব ও আনন্দের বিষয় হয়ে উঠেছে। স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সচেতন মহল মনে করছেন, দক্ষ নেতৃত্ব, দূরদর্শিতা ও সংগঠনিক অভিজ্ঞতার মাধ্যমে মাহমুদ হাসান খান বাবু ক্লাবটির উন্নয়ন ও সাফল্যের ধারাকে আরও বেগবান করবেন। তাঁর হাত ধরেই হয়তো আবারও নতুন উদ্যমে এগিয়ে যাবে দেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানের জয়রথ। এদিকে চুয়াডাঙ্গার ক্রীড়াঙ্গনেও এই সুখবর নতুন আশার সঞ্চার করেছে। অনেকের প্রত্যাশা, জাতীয় পর্যায়ের ক্লাব প্রশাসনে তাঁর সম্পৃক্ততার মাধ্যমে পিছিয়ে পড়া চুয়াডাঙ্গার ফুটবলেও নতুন সম্ভাবনার দুয়ার খুলবে এবং স্থানীয় প্রতিভাবান ফুটবলারদের জন্য তৈরি হবে বড় পরিসরে নিজেকে তুলে ধরার সুযোগ। চুয়াডাঙ্গা জেলার ক্রীড়ামোদী মানুষদের পক্ষ থেকে মাহমুদ হাসান খান বাবুকে জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। তাদের প্রত্যাশা—তার নেতৃত্ব ও অভিজ্ঞতায় ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব আবারও সাফল্যের শিখরে পৌঁছাবে এবং সেই সাফল্যের সুবাতাস একদিন ছড়িয়ে পড়বে চুয়াডাঙ্গার মাঠেও।