প্রকাশ :: ... | ... | ...

আলমডাঙ্গায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন সচেতনতা বৃদ্ধিতে নানা কর্মসূচি পালনের ঘোষণা।


সংযুক্ত ছবি
বশিরুল আলম,স্টাফ রিপোর্টার

বশিরুল আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার, আলমডাঙ্গাঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নানা আয়োজনের মধ্য দিয়ে “ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬” এর উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব শাহীনুর আক্তার। অনুষ্ঠানের শুরুতে ফায়ার সার্ভিস সদস্যদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্টেশন প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে অগ্নি দুর্ঘটনা প্রতিরোধ, দুর্যোগ মোকাবিলা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউএনও শাহীনুর আক্তার বলেন, বর্তমান সময়ে অগ্নিকাণ্ড ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষের জানমাল রক্ষায় ফায়ার সার্ভিসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সচেতনতা বৃদ্ধি ও দ্রুত সেবার মাধ্যমে অনেক বড় দুর্ঘটনাও প্রতিরোধ করা সম্ভব। তিনি সাধারণ মানুষকে বৈদ্যুতিক সংযোগ ব্যবহারে সতর্কতা, গ্যাসের নিরাপদ ব্যবহার এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, “ফায়ার সার্ভিস শুধু আগুন নেভানোর কাজই করে না, বরং যেকোনো দুর্যোগ ও মানবিক সংকটে মানুষের পাশে দাঁড়িয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনগণের সহযোগিতা ও সচেতনতা থাকলে দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে কমে আসবে।” অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে অগ্নি নির্বাপণ মহড়া, শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক প্রচারণা, উদ্ধার কার্যক্রম বিষয়ক প্রদর্শনী, জনসচেতনতামূলক লিফলেট বিতরণ এবং বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে।এসময় আলমডাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। “দুর্যোগে প্রস্তুতি, ক্ষয়ক্ষতি রোধে সচেতনতা” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ সপ্তাহ পালন উপলক্ষে স্থানীয় জনগণের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।