বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকেঃপবিত্র মাহে রমজানকে ঘিরে আলমডাঙ্গা পৌরসভায় আয়োজন করা হলো এক তাৎপর্যপূর্ণ মতবিনিময় সভা। রমজানের আগমনী বার্তা যখন চারদিকে আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার আহ্বান জানাচ্ছে, ঠিক তখনই সেবামুখী উদ্যোগ ও জনকল্যাণমূলক প্রস্তুতির প্রত্যয়ে একত্রিত হলেন পৌর প্রশাসনের দায়িত্বশীলরা। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিটে আলমডাঙ্গা পৌরসভা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পৌরপ্রশাসক জনাব পান্না আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সহকারী কমিশনার ভূমি এ এস এম শাহেনেয়াজ মেহেদি। সভায় রমজান মাসে পৌর এলাকার সার্বিক পরিবেশ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার পরিস্থিতি, সড়কবাতি ও পরিচ্ছন্নতা কার্যক্রম, ইফতার সামগ্রী বিক্রয়ে স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণ, জলাবদ্ধতা ও মশকনিধন কার্যক্রম জোরদারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভাপতির বক্তব্যে পৌরপ্রশাসক পান্না আক্তার বলেন, রমজান শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতার মাস নয়—এটি আত্মশুদ্ধি, মানবসেবা ও দায়িত্ববোধ জাগ্রত করার মাস। তিনি পৌরবাসীর ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট সকল বিভাগকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। বিশেষ করে নিম্নআয়ের মানুষের কথা বিবেচনায় রেখে বাজার তদারকি ও ন্যায্যমূল্য নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় উপস্থিত বক্তারা বলেন, রমজানে যেন কোনো অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা করতে না পারে, সে জন্য নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে। পাশাপাশি মসজিদ ও গুরুত্বপূর্ণ স্থানে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করার কথাও উল্লেখ করা হয়। আলোচনায় উঠে আসে—রমজান মাসে পৌরসভার পক্ষ থেকে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, ড্রেন পরিস্কার কার্যক্রম এবং জরুরি সেবার জন্য হটলাইন সচল রাখার পরিকল্পনা। সভা শেষে এক আন্তরিক প্রত্যয়ের সুর শোনা যায়—“রমজান হোক সংযমের, সহমর্মিতার ও মানবকল্যাণের।”
পৌরবাসীর শান্তি, নিরাপত্তা ও স্বস্তির রমজান নিশ্চিত করতে আলমডাঙ্গা পৌর প্রশাসন দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে।