বশিরুল আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গাঃ ক্ষুদে ফুটবলারদের প্রাণচাঞ্চল্য, দর্শকদের করতালি আর বিজয়ের আনন্দে মুখর হয়ে উঠেছিল চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়াম। দুই দিনব্যাপী আয়োজিত ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)-২০২৬’-এর বর্ণাঢ্য সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার (১২ মে) বিকেলে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব লুৎফুন নাহার। তিনি খেলা শেষে বিজয়ী দলগুলোর হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। এসময় মাঠজুড়ে সৃষ্টি হয় আবেগঘন এক পরিবেশ। বিজয়ী ক্ষুদে খেলোয়াড়দের হাসিমাখা মুখ আর অভিভাবকদের উচ্ছ্বাস অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে। জেলা প্রশাসকের বক্তব্যে উঠে আসে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব। তিনি বলেন, বর্তমান প্রজন্মকে প্রযুক্তিনির্ভরতার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে গড়ে তুলতে হবে। খেলাধুলা শিশুদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
টুর্নামেন্টে জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের বালক ও বালিকা দল অংশ নেয়। দুই দিনব্যাপী প্রতিযোগিতায় মাঠে দেখা যায় ক্ষুদে খেলোয়াড়দের দারুণ নৈপুণ্য ও লড়াকু মনোভাব। প্রতিটি ম্যাচে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসন, শিক্ষা বিভাগ, ক্রীড়া সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিশুদের প্রাণবন্ত উপস্থিতি ও আনন্দঘন মুহূর্তে পুরাতন স্টেডিয়াম যেন পরিণত হয় এক উৎসবের মিলনমেলায়।