মোঃ জাহিদ তালুকদার, কলাপাড়া প্রতিনিধি:
ইসলামি ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ মে) সকাল ১০টায় কলাপাড়া প্রেসক্লাব চত্বরে “ইসলামি ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম”-এর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা দেশের ইসলামি ব্যাংকিং খাতকে ঘিরে চলমান অনিয়ম, লুটপাট ও ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তারা অভিযোগ করেন, একটি প্রভাবশালী গোষ্ঠী পরিকল্পিতভাবে ইসলামি ব্যাংকিং ব্যবস্থাকে দুর্বল ও ধ্বংস করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এতে সাধারণ গ্রাহকদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বক্তারা বলেন, “ইসলামি ব্যাংক এদেশের কোটি মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক। কিছু স্বার্থান্বেষী মহল নিজেদের সুবিধার জন্য এই খাতকে ধ্বংস করার যে অপচেষ্টা চালাচ্ছে, সচেতন গ্রাহক সমাজ তা কখনো মেনে নেবে না।”
মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের বিশিষ্ট গ্রাহক মোঃ ইছহাক মুন্সি, ফখরুদ্দিন আহমেদ, হুমায়ুন কবির, আলতাফ হোসেন ও জুলফিকার আলী প্রমুখ।
বক্তারা আরও বলেন, ব্যাংকিং খাতে যারা লুটপাট ও অনিয়মের সঙ্গে জড়িত তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। একইসঙ্গে সাধারণ গ্রাহকদের আমানতের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।
এসময় মানববন্ধনে স্থানীয় সচেতন নাগরিক, ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং ইসলামি ব্যাংকের বিপুল সংখ্যক গ্রাহক অংশগ্রহণ করেন।