মোঃ জাহিদ তালুকদার কলাপাড়া,পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২৫ মে) ভোররাতে উপজেলার টিয়াখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব টিয়াখালী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, কলাপাড়া থানায় কর্মরত এসআই (নিঃ) জাহিদুল ইসলাম জয় সঙ্গীয় ফোর্সসহ গ্রেফতারি পরোয়ানা তামিল, মাদক উদ্ধার অভিযান ও আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব টিয়াখালী এলাকায় অভিযান চালান।
অভিযানকালে পূর্ব টিয়াখালী এলাকার বাসিন্দা মোঃ মাহাবুব প্যাদা ওরফে তুহিন প্যাদা (৩৬) কে তার পূর্বমুখী বসতঘরের দক্ষিণ পাশের বারান্দা থেকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃত মাহাবুব প্যাদা মৃত ফিরোজ প্যাদার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ ঘটনায় কলাপাড়া থানা পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর সারণীর ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করেছে। মামলার নম্বর-২৫, তারিখ ২৫ মে ২০২৬ এবং জিআর নম্বর-১০৬/২৬।
কলাপাড়া থানার পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং সমাজকে মাদকমুক্ত রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।