Breaking News

কলাপাড়ায় সাংবাদিকদের মানববন্ধন “আমরা আর বিচার চাই না, মাঠে কাজের নিরাপত্তা চাই”

মোঃ জা
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

মোঃ জাহিদ তালুকদার, কলাপাড়া প্রতিনিধি :
ঢাকার সাভারে পেশাগত দায়িত্ব পালনকালে কলাপাড়ার কৃতি সন্তান ও দেশ টিভির সিনিয়র রিপোর্টার তাইফুর রহমান তুহিন, তার টিমের সদস্য এবং এসএ টিভির সাংবাদিক সাদ্দাম-এর ওপর মাদক ব্যবসায়ীদের বর্বরোচিত হামলার প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়া-য় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ মে ২০২৬) সকাল ১১টায় কলাপাড়া প্রেসক্লাব চত্বরে কলাপাড়া প্রেসক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি, টেলিভিশন জার্নালিস্ট ফোরাম এবং কলাপাড়া সাংবাদিক ইউনিয়ন-এর যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা দেশে চলমান সাংবাদিক নির্যাতন, হামলা এবং বিচারহীনতার সংস্কৃতি নিয়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, দেশে একের পর এক সাংবাদিক হত্যাকাণ্ড ও হামলার ঘটনায় আজও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত হয়নি। সাগর-রুনি হত্যা মামলাসহ বহু ঘটনায় বছরের পর বছর তদন্ত ঝুলে থাকায় সাংবাদিক সমাজের মধ্যে চরম হতাশা সৃষ্টি হয়েছে।

বক্তারা বলেন,
“যে দেশে সাংবাদিকরা সত্য তুলে ধরতে গিয়ে হামলার শিকার হন, অথচ অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়ায়, সেখানে বিচার চেয়ে লাভ নেই। আমরা আর প্রহসনের বিচার চাই না, আমরা মাঠে কাজের নিরাপত্তা চাই। স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যম রক্ষায় রাষ্ট্রকে কার্যকর ভূমিকা নিতে হবে।”

প্রতিবাদ সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন অমল মুখার্জি, হুমায়ুন কবির, মেজবাহউদ্দিন মান্নু, মুরাদ হোসেন এবং তানজিম জামান জয়সহ স্থানীয় সংবাদকর্মীরা।

বক্তারা সাভারে সাংবাদিক তুহিন ও সাদ্দামের ওপর হামলাকারী চিহ্নিত মাদক ব্যবসায়ী ও অপরাধীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান। অন্যথায় সারা দেশের সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

মানববন্ধনে স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত থেকে সাংবাদিকদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত